ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিরো আলম। নিয়মিত হত্যার হুমকির কথা জানিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গানম্যান চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি বলেন,
“কখন কে মারে ঠিক আছে? আমার গানম্যান লাগবে।”
হিরো আলম জানান, গণমাধ্যমে তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার পর থেকেই নিয়মিত ফোনকল ও বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিজে যেমন আতঙ্কে রয়েছেন, তেমনি তার পরিবারও চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একজন নিরাপত্তাকর্মী বা গানম্যান চেয়ে আনুষ্ঠানিক আবেদন করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন হিরো আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একাধিক রাজনৈতিক দল হিরো আলমকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়ে তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচন করবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
হিরো আলম বলেন, আগামী দুই একদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এর আগে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সে সময় নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার শিকারও হয়েছিলেন তিনি।
নির্বাচনী মাঠে আবারও সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন হিরো আলম। নিয়মিত হত্যার হুমকির ঘটনায় তার নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন তিনি ও তার অনুসারীরা।
অনলাইন ডেস্ক
Comments: