০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
বিশ্ব
এপস্টেইন নথিতে নতুন বিতর্ক: বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক দাবি

image

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট লাখো নথি প্রকাশের পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ঘিরে পুরোনো ও নতুন অভিযোগ নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। প্রকাশিত নথিতে খসড়া ইমেইল ও অভ্যন্তরীণ নোটের মাধ্যমে গেটস–এপস্টেইন সম্পর্ক, ব্যক্তিগত আচরণ ও বিবাহবিচ্ছেদের প্রেক্ষাপটের ইঙ্গিত দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিনিয়োগকারী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট তদন্তের ৩০ লাখের বেশি নথি প্রকাশ করেছে। এর সঙ্গে প্রকাশ করা হয়েছে প্রায় ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নথিগুলো জনসম্মুখে আনা হয়েছে।

প্রকাশিত নথিগুলোর মধ্যে থাকা কিছু খসড়া ইমেইলে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত দাবি উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এসব ইমেইলে এপস্টেইন গেটসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উল্লেখ করেছিলেন বলে দাবি করা হয়েছে।

নথিতে দাবি করা হয়, এপস্টেইন গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিচের নামে খসড়া বিবৃতি তৈরি করেছিলেন, যেখানে গেটসের ব্যক্তিগত আচরণ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়। আরও কিছু নথিতে গেটস ও রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভোর কথিত সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেইলের হুমকির তথ্য পুনরায় সামনে এসেছে।

তবে বিল গেটসের একজন মুখপাত্র এসব অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, এসব নথি জেফরি এপস্টেইনের উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচেষ্টারই প্রতিফলন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বিবাহিত ছিলেন। মেলিন্ডা এর আগে প্রকাশ্যে জানিয়েছিলেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং এপস্টেইনের সঙ্গে যোগাযোগ তাদের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।

এপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশ বিশ্বজুড়ে আলোচিত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন ও প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও বিল গেটস এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবুও প্রকাশিত নথিগুলো আন্তর্জাতিক পরিসরে বিতর্ক আরও উসকে দিয়েছে।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading