নেসলে ব্র্যান্ডের SMA বেবি ফর্মুলার কিছু ব্যাচে ক্ষতিকর রাসায়নিক সেরিউলাইড (Cereulide) টক্সিন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তাজনিত উদ্বেগে চলতি মাসের শুরুতেই পণ্য রিকলের নির্দেশ দেওয়া হলেও এবার দূষণের উৎস শনাক্ত করায় অভিভাবকদের সতর্কতা আরও জোরদার করা হয়েছে।
যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (FSA) নিশ্চিত করেছে, নেসলে ব্র্যান্ডের SMA বেবি ফর্মুলা ও ফলো-অন ফর্মুলার কিছু নির্দিষ্ট ব্যাচে ব্যবহৃত একটি উপাদান দূষিত ছিল। পরীক্ষায় দেখা গেছে, ফর্মুলায় ব্যবহৃত অ্যারাকিডোনিক অ্যাসিড (ARA) তেল–এর মধ্যে ক্ষতিকর সেরিউলাইড (Cereulide) টক্সিন থাকার প্রমাণ মিলেছে।
এই টক্সিন মানবদেহে প্রবেশ করলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, পেটব্যথা ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
ARA তেল সাধারণত শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে সহায়তার জন্য বেবি ফর্মুলায় যোগ করা হয় এবং বোতলে দুধ খাওয়া শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সব SMA পণ্য নয়—শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাচ এই ঝুঁকির আওতায় রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে অভিভাবকদের ওই ব্যাচের পণ্য ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে ক্রয়কৃত পণ্য বিক্রেতার কাছে ফেরত দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বেবি ফর্মুলার মতো সংবেদনশীল পণ্যে দূষণ পাওয়া যাওয়ার ঘটনা অভিভাবকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ঝুঁকি কমাতে সহায়ক হলেও বিশেষজ্ঞরা অভিভাবকদের পণ্য ব্যবহারের আগে ব্যাচ নম্বর যাচাই এবং সরকারি সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।
অনলাইন ডেস্ক
Comments: