০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
ব্রিটেন
ব্রিস্টল জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য আমলের ৬০০’র বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি

image

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলের শত শত ঐতিহাসিক শিল্পকর্ম চুরির ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ।

ঘটনার দুই মাস পর চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছে অ্যাভন ও সমারসেট পুলিশ।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্রিস্টল জাদুঘরের সংরক্ষণাগার থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলের ৬০০টিরও বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে। অ্যাভন ও সমারসেট পুলিশ জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ভোরে এই চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনার দুই মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার পুলিশ চারজন সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং তাদের শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছে। পুলিশ জানায়, চুরির সময় সন্দেহভাজনদের ওই এলাকায় দেখা গিয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রিস্টল সিটি কাউন্সিল নিশ্চিত করেছে, চুরি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে—
পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতির দাঁত, রুপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি ও ভূতাত্ত্বিক নমুনা।

কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার জানান, এসব নিদর্শন ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের প্রায় দুই শতাব্দীর ঐতিহাসিক সম্পর্ক বহন করে।

পুলিশের তদন্ত কর্মকর্তা ড্যান বার্গান বলেন, “চুরি হওয়া অধিকাংশ সামগ্রী সাধারণ মানুষের দান করা। এগুলো যুক্তরাজ্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং সাংস্কৃতিকভাবে অমূল্য।”

ব্রিস্টল শহরের ইতিহাস ক্রীতদাস ব্যবসার সঙ্গে গভীরভাবে জড়িত। একসময় এখানকার বন্দর ব্যবহার করে লাখ লাখ আফ্রিকানকে দাস হিসেবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হতো। সেই ব্যবসার অর্থেই শহরের বহু ঐতিহাসিক স্থাপনা গড়ে ওঠে।

জাদুঘরে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহাসিক পোশাক, ছবি ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এর আগে ২০২০ সালে বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টনের মূর্তি ভেঙে নদীতে ফেলে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক আলোচনায় আসে।

ব্রিস্টল জাদুঘরের এই চুরি শুধু একটি অপরাধ নয়, বরং বিশ্ব ঐতিহ্য ও ইতিহাসের ওপর সরাসরি আঘাত। তদন্তে সাধারণ মানুষের সহযোগিতা পেলে চুরি যাওয়া অমূল্য নিদর্শন উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading