বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী পাবেন মাসিক ২৫০০ টাকা অথবা খাদ্য সহায়তা।
সিলেটে আয়োজিত ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়ের সময় সামাজিক সুরক্ষা, গণতন্ত্র ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রতিটি পরিবারের প্রধান নারী এই কার্ডের অধিকারী হবেন। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা অথবা সমমূল্যের খাদ্য সুবিধা দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষকদের জন্য পৃথকভাবে কৃষক কার্ড চালু করা হবে, যাতে উৎপাদন খাতকে আরও শক্তিশালী করা যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন, সত্যিকারের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। শহরের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান উন্নয়নের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।
তিনি আরও জানান, বিদেশগামী কর্মীদের বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার আধুনিকায়ন করবে বিএনপি। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করেই এসব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
নারী নেতৃত্বে সামাজিক সুরক্ষা জোরদার, যুব উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতির মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার একটি বিস্তৃত পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অনলাইন ডেস্ক
Comments: