২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ
সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মায়ের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ছেলে

image

নওগাঁর ধামইরহাটে মায়ের নামে থাকা জমি-সম্পত্তি নিজের নামে লিখে নিতে না পেরে বৃদ্ধা মায়ের ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। প্রথমে মাথায় ইট দিয়ে আঘাত এবং পরে ধারালো চাকু দিয়ে পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন ছেলে। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামইরহাট থানা পুলিশ।

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে মায়ের নামে থাকা জমি-সম্পত্তি নিজের নামে লিখে নিতে না পেরে ৬৮ বছর বয়সী বৃদ্ধা মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছেলে মো. আসাদুজ্জামান শামীম (৩৭)-এর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আঞ্জুমান আরার নামে কিছু জমি-সম্পত্তি রয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, ছেলে দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন এবং অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকিও দিতেন।

এজাহার অনুযায়ী, গত ৭ জুন সন্ধ্যায় বাড়ির গেটের সামনে অবস্থানকালে সম্পত্তি লিখে দেওয়ার দাবি পুনরায় জানানো হয়। এতে রাজি না হলে হাতে থাকা একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পরও অভিযুক্ত বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

পরবর্তীতে গত ১৪ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টাকা দাবি করে অস্বীকৃতি পেয়ে ধারালো চাকু দিয়ে ভুক্তভোগীর ডান পায়ের গোড়ালির উপরের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তার গলা চেপে ধরে হত্যার চেষ্টারও অভিযোগ রয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং পুনরায় হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ২৪ জুন ভুক্তভোগী আঞ্জুমান আরা বাদী হয়ে ধামইরহাট থানায় ছেলে মো. আসাদুজ্জামান শামীমকে আসামি করে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামইরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "পিতা-মাতার ওপর আঘাত বা নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।"

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।















মো. এ কে নোমান, নওগাঁ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading