নওগাঁয় শুরু হয়েছে তিনদিনব্যাপী আম মেলা। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলার মাঠে প্রায় ১০টি স্টলে দেশীয় ও উন্নত জাতের শতাধিক ধরনের ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি হর্টিকালচার সেন্টার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা, আচার এবং ফলভিত্তিক নানা পণ্যও প্রদর্শিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
মেলা উদ্বোধনের পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে “রপ্তানিযোগ্য আম উৎপাদন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, দেশের কৃষি অর্থনীতিতে আম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফল। আন্তর্জাতিক বাজারে নওগাঁর আমের চাহিদা আরও বৃদ্ধি করতে হলে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের সচেতনতা বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং উন্নত পরিচর্যার মাধ্যমে আমের গুণগত মান বহুগুণে বৃদ্ধি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহা। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করা। একই সঙ্গে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হচ্ছে।
তিনদিনব্যাপী এ মেলা আগামী ২০ জুন পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন জাতের ফল ও কৃষিপণ্যের এ প্রদর্শনী কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে নতুন আগ্রহ ও সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মো: এ কে নোমান, নওগাঁ
Comments: