পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহত চার ব্যক্তির পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে নিহতদের স্বজনদের হাতে নগদ অর্থের চেক ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
সহায়তার আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী আয়শা বেগম (৪৫), সবুজনগর গ্রামের মো. মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২২), জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মো. হাসান (২৫) এবং পশ্চিম মিঠাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহিমের (১৪) পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক বস্তা করে শুকনো খাবারও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার বলেন, “অকাল মৃত্যু কোনো পরিবারের জন্যই সহজ নয়। বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের পরিবারগুলো যে শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা তাদের ক্ষতি পূরণ করতে পারবে না, তবে মানবিক দায়িত্ববোধ থেকে পাশে থাকার একটি প্রয়াস।”
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন ফরাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান ছোট্ট, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির, সাংবাদিক মনির আকন, ইসরাত জাহান মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা গ্রহণ শেষে নিহতদের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
মো. তানভীর হাসান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
Comments: