দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
সোমবার (১২ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বাজেট-সংশ্লিষ্ট বৈঠকে প্রস্তাবটির বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, বাস, ট্রাক, জিপ ও পিকআপের ক্ষেত্রে অগ্রিম আয়কর আদায় করা হলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা এতদিন এই ব্যবস্থার বাইরে ছিল। এবার রাজস্ব আহরণ বাড়ানো ও কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই নতুন এ দুই খাতকে করজালের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখা হতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার বাইকের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করছে এনবিআর।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর বড় অংশই ১১০ সিসির বেশি হওয়ায় নতুন কর কার্যকর হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের আশা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে ৪ হাজার টাকা কর আদায় করা গেলে বছরে দেড় হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া সম্ভব।
অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও নতুন কর কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে।
সরকার ইতোমধ্যে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। সেখানে নিবন্ধন সনদ, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার পাশাপাশি এনবিআর নির্ধারিত শুল্ক ও কর আরোপের বিধান রাখা হয়েছে।
তবে মোটরসাইকেল শিল্পসংশ্লিষ্টরা নতুন কর আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই খাতে গত এক দশকে বড় বিনিয়োগ হয়েছে এবং লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। নতুন কর কার্যকর হলে সাধারণ ব্যবহারকারী, রাইড শেয়ারিং কর্মী ও ডেলিভারি সেবায় যুক্তদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে।
এনবিআর সূত্র জানিয়েছে, অগ্রিম আয়কর পরিশোধের পর যানবাহনের মালিকরা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সেই কর সমন্বয়ের সুযোগ পাবেন। আগামী জাতীয় বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: