৩০ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২
বাংলাদেশ
সিলেটে বাড়ছে সংক্রামক রোগ ‘হাম’: হাসপাতালে ভর্তি ২০, নতুন শনাক্ত ৪

image

শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত—দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক, আইসোলেশন সেন্টার চালু। নমুনা পরীক্ষায় ঢাকার ওপর নির্ভরতা, ফল পেতে লাগছে অন্তত ৭ দিন।

সিলেট বিভাগে সংক্রামক রোগ ‘হাম’-এর প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে। সরকারি হিসেব অনুযায়ী, রোববার (২৯ মার্চ) পর্যন্ত হাম রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন।

এছাড়া নমুনা পরীক্ষায় নতুন করে আরও চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল ও মাধবপুরে তিনজন এবং সুনামগঞ্জের ছাতকে একজন রয়েছেন।

বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার চালু হওয়া এই কেন্দ্রে বর্তমানে ১৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। তাদের সবার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সিলেটে হাম রোগ নির্ণয়ের কোনো ল্যাব সুবিধা না থাকায় নমুনা পাঠাতে হচ্ছে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফলে পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগছে।

সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, হামের লক্ষণ দেখা দিলে রোগীদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে না পড়ে।

সিলেটে হাম রোগের বিস্তার উদ্বেগজনক আকার ধারণ করছে। দ্রুত রোগ নির্ণয়ের জন্য স্থানীয় পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা চালু এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading