১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ
সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮

image

সিলেট বিভাগজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা।

সিলেট বিভাগে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বর্তমানে রোগীতে পরিপূর্ণ। রবিবার সকাল পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন ১১৪ জন শিশু, যা হাসপাতালের ধারণক্ষমতার চেয়েও বেশি। ফলে এক সিটে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। মৃত দুই শিশু হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার আকরামুল (৯ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইফান (৮ মাস)।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আকরামুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত বিভাগে পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪২ জন।

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ সীমিত হওয়ায় উপসর্গের ভিত্তিতেই অধিকাংশ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১২২ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৪ জন এবং ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি হয়েছেন।

রবিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ভর্তি ছিলেন ২৬৮ জন শিশু। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণ না করলে সিলেটে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading