০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
স্বাধীনতার পর প্রথম: পিরোজপুর-৩ এ (মঠবাড়িয়া) এ বিএনপির একক জয়

image

পিরোজপুর-৩ আসনটি জেলার একটি মাত্র উপজেলা মঠবাড়িয়া নিয়ে গঠিত। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এই সংসদীয় এলাকায় প্রায় প্রতিটি নির্বাচনেই নানা বৈচিত্র্যময় রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। প্রার্থী মনোনয়নেও রাজনৈতিক দলগুলো প্রায় প্রতিবারই ভিন্ন মাত্রার চমক দেখিয়েছে। এ আসনের ১২টি নির্বাচনে কখনো দলীয় প্রার্থী, আবার কখনো স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের দৃষ্টান্ত রয়েছে। তবে সব হিসাব-নিকাশ ছাপিয়ে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এ আসনে এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছেন বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল।

নির্বাচনের কিছুদিন আগেও মঠবাড়িয়ায় বিএনপির সাংগঠনিক অবস্থা ছিল কিছুটা ছত্রভঙ্গ। দলীয় কোন্দল ও একাধিক মনোনয়ন প্রত্যাশীর তৎপরতায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলীয় বিভাজন কাটিয়ে বিএনপি একক প্রার্থী নিশ্চিত করলে নির্বাচনী সমীকরণ বদলে যেতে শুরু করে।

অন্যদিকে জামায়াত জোটের সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী চারবারের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী-ও এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মঠবাড়িয়ায় রুস্তম আলী ফরাজীর নিজস্ব একটি শক্ত ভোটব্যাংক ছিল।

সব জল্পনা-কল্পনা ছাপিয়ে গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৮৫টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও সহিংসতা বা বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


ফলাফলে রুহুল আমীন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট এবং ডাঃ রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট।মোট ২ লাখ ৪১ হাজার ৩৬০ ভোটারের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৫৮.৬১ শতাংশ।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে দেওয়া এই ফলাফল মঠবাড়িয়ার রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।










মো. তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading