সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে ভাগ করে সেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। নগর ব্যবস্থাপনা সহজতর ও নাগরিক সেবা দ্রুত পৌঁছে দিতে অঞ্চলভিত্তিক প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে পাঁচটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৪৭ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর ফলে নগরের বিভিন্ন ওয়ার্ডকে অঞ্চলভিত্তিক ভাগ করে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা আরও দক্ষভাবে পরিচালনা করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অঞ্চল-১ এ ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ, অঞ্চল-২ এ ২১-২৪ ও ৩১-৩৩ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৩ এ ১৬-২০ ও ৩৪-৩৬ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৪ এ ৪-৮ ও ৩৭-৩৯ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৫ এ ২৫-৩০ ও ৪০-৪২ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিটি অঞ্চলে প্রশাসনিক কাজ, হিসাবরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, কর আদায়, বর্জ্য ব্যবস্থাপনা, লাইসেন্স প্রদানসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম পরিচালিত হবে।
এই নতুন কাঠামোর আওতায় জন্ম-মৃত্যু নিবন্ধন, মশক নিধন, জনস্বাস্থ্য কার্যক্রম, দাতব্য চিকিৎসা, পাবলিক টয়লেট, কবরস্থান ও শ্মশান ব্যবস্থাপনা, বাজার ফি আদায় এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের উন্নয়নে সহায়তা দেওয়া হবে।
প্রজ্ঞাপনে সিলেট সিটি কর্পোরেশনকে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই অঞ্চলভিত্তিক বিভাজন সিলেট নগরীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করে তুলবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: