সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযানে অংশ নেয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী "জিরো টলারেন্স" নীতির আওতায় সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে জানা যায়—জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
পরবর্তীতে মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাত সাড়ে ১২টার দিকে সম্ভাব্য পয়েন্টে অবস্থান নেয়। আনুমানিক রাত দেড়টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
টহল দল ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলে আবারও বড় আকারের ইয়াবা চালান জব্দ হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
অনলাইন ডেস্ক
Comments: