চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রী—বিকল্প ইঞ্জিন পাঠিয়ে উদ্ধার তৎপরতা শুরু। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে, ফলে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নিতে এবং যোগাযোগ পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।
উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপবন এক্সপ্রেসের এই অগ্নিকাণ্ডের ঘটনা রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের।
অনলাইন ডেস্ক
Comments: