দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটের দিন ও তার আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন একদিন এবং মোটরসাইকেল তিনদিন চলাচল বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
এছাড়া, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে জরুরি ও বিশেষ প্রয়োজনীয় কিছু যানবাহন। এর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন
অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি
জরুরি সেবার যানবাহন (ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা)
বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা স্বজনদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন
রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনি এজেন্টের জন্য একটি গাড়ি
টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন
এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতাও রাখবেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতেই এই যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
অনলাইন ডেস্ক
Comments: