ফিটনেস, অ্যাভেইলিবিলিটি ও ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে জাতীয় দলে নির্বাচনের জন্য সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিসিবি। বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, ঘরের মাঠ ও বিদেশ—সব সিরিজেই সাকিবকে বিবেচনায় রাখতে পারবেন নির্বাচকেরা।
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোর্ডসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন এ তথ্য জানান।
আমজাদ হোসেন বলেন, বোর্ডে সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যদি সাকিবের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস এবং নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড ও নির্বাচক প্যানেল ভবিষ্যতে তাকে জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।
তিনি আরও জানান, সাকিব আল হাসান আন্তর্জাতিক বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টেও অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি এনওসি প্রদান করবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা দায়ের হয়। এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
সে সময় দল ঘোষণাও করা হয়েছিল, তবে সাকিবকে ঘিরে তৈরি হওয়া প্রতিবাদের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। ফলে তাঁর অবসর ম্যাচ খেলা আর বাস্তবায়ন হয়নি।
এখন আবার হঠাৎ করেই সাকিবের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ সামনে আসায় ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিসিবি মিডিয়া বিভাগের প্রধান জানিয়েছেন, ঘরের মাঠ ও বিদেশ—সব ধরনের সিরিজেই সাকিব আল হাসানের নাম নির্বাচক প্যানেলে বিবেচনায় রাখা হবে। অতীতে এই বিবেচনা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আজকের বোর্ডসভায় যে সিদ্ধান্ত হয়েছে, সেটিই জানানো হচ্ছে।
এদিকে সাকিবের জাতীয় দলে খেলার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো সরকারের এখতিয়ারভুক্ত, তবে বোর্ডের অবস্থান পরিষ্কার—তারা সাকিবকে দলে চাইছে।
ফিটনেস ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সরকারের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করলেও বোর্ডের সদিচ্ছা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায়ের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: