০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি

image

ভারতে আয়োজিত ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বিসিবির অনড় অবস্থানের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আইসিসি। নিরাপত্তা ঝুঁকির দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে হালনাগাদ ম্যাচ সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে। সেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম যুক্ত করা হয়।

আইসিসি জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই—এমন মূল্যায়নের ভিত্তিতে বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নিরসনে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সংস্থাটি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালিয়েছে। এ সময় একাধিক ভিডিও কনফারেন্স, সরাসরি বৈঠক এবং অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়।

কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল এবং বিস্তারিত অপারেশনাল পরিকল্পনাও বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছিল। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে এসব নিরাপত্তা নিশ্চয়তা বারবার প্রদান করা হয়।

তবে বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসি বিকল্প দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

যোগ্যতা ও টি-টোয়েন্টি র‍্যাংকিং বিবেচনায় স্কটল্যান্ডকে প্রতিস্থাপক দল হিসেবে নির্বাচন করা হয়। বর্তমানে স্কটল্যান্ড টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে রয়েছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

বিসিবির অংশগ্রহণে অনিশ্চয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত দাবিকে অগ্রহণযোগ্য বিবেচনা করে আইসিসি টুর্নামেন্ট সূচির অখণ্ডতা ও প্রতিযোগিতার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading