আইএল টি-টোয়েন্টির ম্যাচে এমআই এমিরেটসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের রান সংগ্রহে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি।
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা রাখেন সাকিব। রান তাড়ায় শেষদিকে চাপের মুহূর্তে ২৫ বল খেলে অপরাজিত ১৭ রান করেন এই অলরাউন্ডার। তার এই অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।
এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ডেজার্ট ভাইপার্স ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৪ রান। তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এমআই এমিরেটস ৬ উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
এ ম্যাচসেরার পুরস্কারের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৪৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৪৫ বার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। এর ফলে তিনি এই ফরম্যাটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
এই তালিকায় সাকিবের সঙ্গে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। রশিদ খান ৫০৪ ম্যাচ এবং অ্যালেক্স হেলস ৫২৪ ম্যাচ খেলে সমান ৪৫ বার করে ম্যাচসেরা হয়েছেন।
আইএল টি-টোয়েন্টির মঞ্চে সাকিব আল হাসানের এই পারফরম্যান্স আবারও প্রমাণ করল কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ধারাবাহিকতা ও অভিজ্ঞতার মিশেলে টি-টোয়েন্টি ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করলেন বাংলাদেশের এই ক্রিকেট আইকন।
অনলাইন ডেস্ক
Comments: