রাজধানীর বংশালে ভূমিকম্পের সময় একটি পুরোনো পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কসাইটুলি এলাকার ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মুহূর্তে ভবনের রেলিং নিচে থাকা তিনজন পথচারীর ওপর ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভবনটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় ছিল। ভূমিকম্পের কম্পনে রেলিং নিচে চাপা পড়ে তিনজন ব্যক্তি প্রাণ হারান। এ সময় আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ভবনটি পরিদর্শনে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বংশালের এই দুর্ঘটনা আবারও শহরের পুরোনো ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দ্রুত পরিদর্শন ও সংস্কার এখন সময়ের দাবি।
অনলাইন ডেস্ক
Comments: