০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর, মজুতদারির বিরুদ্ধে মোবাইল কোর্টের নির্দেশ

image

সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা; আতঙ্ক না ছড়াতে জনগণকে আহ্বান। সরকারি মজুত পর্যাপ্ত দাবি মন্ত্রীর, তবে রেশনিংয়ের প্রথম দিনেই সারা দেশে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্দেশ দিয়েছেন, যেকোনো মূল্যে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং জনগণের মধ্যে যেন কোনো আতঙ্ক তৈরি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

শনিবার দুপুরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জ্বালানি সচিবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, কোনোভাবেই যেন তেল মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করা না যায়। এজন্য প্রয়োজন হলে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশও দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জ্বালানিমন্ত্রী জানান, দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তবে জ্বালানি তেল রেশনিংয়ের প্রথম দিনেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে চরম ভিড় ও বিশৃঙ্খলা। রাজধানীসহ বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন, হুড়োহুড়ি ও তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা ও আশপাশে প্রায় ১২৫টি ফিলিং স্টেশনের মধ্যে তেলের অভাবে দুপুরের মধ্যেই ১০০টির বেশি পাম্প বন্ধ হয়ে যায়। যেসব পাম্প খোলা ছিল, সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

জ্বালানি বিভাগ ফিলিং স্টেশনগুলোকে আগের বছরের তুলনায় ২৫ শতাংশ কম তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে নতুন জ্বালানি তেলের জাহাজ আসার কথা থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছে সরকার।

পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে আতঙ্কের কারণে অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকার বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading