২১ এপ্রিল থেকে শুরু পরীক্ষা, কেন্দ্রসচিবদের জন্য কঠোর নিয়ম ও শাস্তির সতর্কবার্তা শিক্ষা বোর্ডের। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র নিরাপত্তা ও পরীক্ষা ব্যবস্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে এবং পরীক্ষার তিন দিন আগে প্রশ্নপত্রের প্যাকেট ট্রেজারিতে সংরক্ষিত অবস্থায় যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব ও পরীক্ষা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী—
প্রতিটি বিষয়ে সৃজনশীল (CQ) ২ সেট এবং বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র আলাদাভাবে নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে
প্রতিটি খামে পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে
প্যাকেট সঠিকভাবে সিল ও কার্টুন টেপ দিয়ে মুড়িয়ে সংরক্ষণ করতে হবে
পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্দিষ্ট দিনের প্রশ্নপত্র নিরাপত্তা খাম সংগ্রহ করে ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরায় কেন্দ্রে আনা হবে।
মোবাইলে সেট কোড পাওয়ার পর তা যাচাই করে প্রশ্নপত্র খোলা হবে। ভুল সেটে পরীক্ষা গ্রহণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
অব্যবহৃত প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এসএসসি পরীক্ষা ঘিরে এ বছর প্রশ্নপত্র নিরাপত্তা ও পরীক্ষা ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানো হয়েছে। শিক্ষা বোর্ডের আশা, এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।
অনলাইন ডেস্ক
Comments: