মাধবদী চৌরাস্তার মোড়ে ভয়ভীতি দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগের পর অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদের ধরতে অভিযান চলছে।
নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাধবদী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগের ভিত্তিতে হৃদয় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চার সন্তানের জননী ওই নারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেলে মাধবদী বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামে এক ব্যক্তি তার পথরোধ করেন।
অভিযোগ রয়েছে, হৃদয় ভয়ভীতি দেখিয়ে তাকে পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও তিনজন অবস্থান করছিল। পরে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয়।
নির্যাতনের পর অসুস্থ অবস্থায় ওই নারী বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানান। পরদিন শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় হৃদয় নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেস্ক
Comments: