আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির দীর্ঘদিনের বিভক্ত দুই পক্ষের নেতারা অবশেষে একই মঞ্চে উঠে ঐক্যের বার্তা দিয়েছেন। এর মধ্য দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আশার সঞ্চার হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে উপজেলা ও জেলা বিএনপির জ্যেষ্ঠ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হন। বর্ষীয়ান নেতা রুহুল আমিন দুলাল ‘ধানের শীষ’ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার পর ঐক্য সুদৃঢ় করতেই এ সমাবেশের আয়োজন করা হয়। তিনি সমাবেশের সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম মিয়া মৃধা, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক বাদল, সাবেক আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম. হুমায়ূন কবির ও কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান।
বক্তারা বলেন, দলীয় মতপার্থক্য পাশ কাটিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, দেশের পুনর্গঠনে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী ও বাস্তবসম্মত। বহুদলীয় গণতন্ত্রের ধারক হিসেবে বিএনপিই দেশের সামনে কার্যকর বিকল্প এমন মন্তব্যও করেন বক্তারা।
রুহুল আমিন দুলালের প্রতি অতীতের হামলা-নির্যাতনের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, আওয়ামী লীগের হামলায় তার বাড়িঘর ভাঙচুরের শিকার হলেও তিনি মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের মধ্যেও বিগত ১৭ বছর ধরে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আইনি সহায়তাসহ সার্বিক সহায়তা প্রদান করে গেছেন।
দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে এক মঞ্চে নেতাদের উপস্থিতিকে এলাকার সাধারণ মানুষ বিএনপির নির্বাচনী প্রস্তুতির শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন।
রিলাক্স মিডিয়া/মো. তানভীর হাসান
Comments: