কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বন্দিদের মানবিক আচরণ ও মৌলিক অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
কারাগারে বন্দিদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে আনতে প্রশিক্ষিত, মানবিক দৃষ্টিভঙ্গি-সম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ করে সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
উপদেষ্টা আরও বলেন, বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ-সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা কেবল আইনগত বাধ্যবাধকতা নয়; বরং এটি রাষ্ট্রের নৈতিক অবস্থানের প্রতিফলন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এটি দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। বিচার ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন, অপরাধীর সংশোধন ও সামাজিক পুনর্বাসনে কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেম ও দায়িত্ববোধ ধারণ করে নবীন প্রশিক্ষণার্থীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে—
ড্রিলে প্রথম: লিজা খাতুন
পিটিতে প্রথম: মোছা. রায়হানা আক্তার সুবর্ণা
আন আর্মড কম্ব্যাটে প্রথম: জুথি পারভীন
ফায়ারিংয়ে প্রথম: মানসুরা
একাডেমিসহ সর্ববিষয়ে প্রথম: মোছা. রায়হানা আক্তার সুবর্ণা
কারাগারে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সংরক্ষণ ও বন্দিদের পুনর্বাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব—এ কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষিত ও মানবিক কারারক্ষীরাই একটি আধুনিক ও কার্যকর কারা প্রশাসন গড়ে তুলতে পারে।
অনলাইন ডেস্ক
Comments: