১২ কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ; ফলাফল বাতিল করে নতুন করে গণনার আহ্বান। বিজয়ী ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তদন্ত দাবি।
ঢাকা-৮ আসনের ফলাফল পুনঃগণনার আবেদন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে লিখিত আবেদন করে ভোট পুনঃগণনা এবং বিজয়ী ঘোষিত মির্জা আব্বাস-এর শপথ গ্রহণ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
রোববার নাসীরুদ্দীনের পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জমা দেন। আবেদনে ১২টি কেন্দ্রে ভোট কারচুপি, বেআইনি প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, নির্বাচনী আইন লঙ্ঘন করে রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ ও ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করেন।
আবেদনে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ করে অনিয়মের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এনসিপি প্রার্থী দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২ হাজার ৮১৪ এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২ হাজার ৫৫৫ ভোট।
ঢাকা-৮ আসনের ফলাফল ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলসহ ভোটারদের। পুনঃগণনা হলে ফলাফলে পরিবর্তন আসে কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে উঠেছে।
অনলাইন ডেস্ক
Comments: