মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় শৃঙ্খলা ফিরছে জনজীবনে;৩৪৬ মামলায় আদায় ৫২ লাখ টাকার জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানে শৃঙ্খলা ফিরে আসছে জনজীবনে। বর্তমান মেয়াদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ৩৪৬টি মামলা নিষ্পত্তি করে ৫২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, পরিবেশ সুরক্ষা, পলিথিন ব্যবহার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, দালাল নির্মূল, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধ, অতিরিক্ত লোডবাহী গাড়ি নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল বিনষ্ট, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি বন্ধ, সরকারি জমি উদ্ধার ও জনস্বার্থমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এছাড়া ইলিশ সম্পদ রক্ষা, লাইসেন্সবিহীন যানবাহন ও স’মিল নিয়ন্ত্রণ, এবং জনসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্তকরণে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বলেন,“ইতিমধ্যে মঠবাড়িয়া উপজেলায় অবৈধ ইটের পাজায় ইট পোড়ানো শতভাগ বন্ধ করা হয়েছে। কাঠ পুড়িয়ে কয়লা তৈরিও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।”
জনস্বার্থে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, এসব কার্যক্রমের ফলে উপজেলা এখন আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন, শৃঙ্খল ও আইনশৃঙ্খলা-সচেতন হয়ে উঠছে।
রিলাক্স মিডিয়া/মো. তানভীর হাসান, বিশেষ প্রতিনিধি
Comments: