দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতল দ্রুত বাড়ছে এবং প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিনের ভারি বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে এসব জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভুগাই-কংস নদীর পানি বেড়েছে। বর্তমানে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারি বৃষ্টির কারণে দ্রুত পানি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি বিপৎসীমা অতিক্রমের ঝুঁকিতে রয়েছে।
এছাড়া ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানিও বাড়তে পারে, যার ফলে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কসীমা ছুঁতে পারে পানি।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত পানি বিপৎসীমার নিচে থাকলেও পরবর্তী সময়ে তা অতিক্রম করতে পারে।
এদিকে, ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় প্রাক-মৌসুমি বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক
Comments: