সিলেটের বিশ্বনাথে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেয়েছে থানা পুলিশ। বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধারসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামে অভিযান চালিয়ে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কয়ছর আলী (৩৫) নামের একাধিক মামলার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১০৬ বোতল ভারতীয় মদসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম কয়ছর আলী (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় ঘরের খাটের নিচ থেকে বস্তাভর্তি ১০৬ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে ভদকা, হুইসকি ও এসি ব্ল্যাক জাতের মদ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের জমজমাট ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার গ্রেফতার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি।
সম্প্রতি নিজ বাড়িতে কৌশলে মাদকের বড় বড় চালান মজুদ করে বিভিন্ন স্পটে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছিলেন কয়ছর। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার এই অবৈধ কার্যক্রমের প্রমাণ পায়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, কয়ছর আলীর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়ের করেছে।
বিশ্বনাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান স্থানীয়ভাবে স্বস্তি এনে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সচেতন মহল।
অনলাইন ডেস্ক
Comments: