আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের সঙ্গে স্কুল ও কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) পৌরশহরের কাপুড়িয়াপট্টির মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার ৪৫টি স্কুল ও ১১টি কলেজের দেড় হাজারের বেশি শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শাহ আলম মারুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক রাশেদ খান, মো. খলিলুর রহমান, হামিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, কে.এম. হুমায়ুন কবীর, আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপি নেতা মো. মিজানুর রহমান এবং যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষকরাই দেশ ও জাতি গঠনের মূল কারিগর। শিক্ষা বিস্তারে সব মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা সময়ের দাবি। বিএনপি নেতারা দাবি করেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত রূপরেখা। তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ধারক ও বাহক হিসেবে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করতে চায়।
মতবিনিময় সভায় শিক্ষক নেতারা রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষা জাতীয়করণ বাস্তবায়নের দাবি তুলে ধরেন। তারা বলেন, শিক্ষাখাতে বৈষম্য দূর করে সব শিক্ষকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
শিক্ষকদের ব্যাপক উপস্থিতি ও মতামত মতবিনিময় সভাটিকে নির্বাচনী অঙ্গনের একটি গুরুত্ববহ আলোচনায় পরিণত করে। আসন্ন নির্বাচনে শিক্ষকদের সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্য রাখবে বলে পর্যবেক্ষকদের অভিমত।
নিজস্ব প্রতিবেদ : মো. তানভীর হাসান
Comments: