নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ জঘন্য ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিবুল ইসলাম ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মইশড় এলাকার মতিবুল ইসলাম ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে তার ফুপু ঘটনার বিষয়ে জানতে পারেন।
শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং রক্তপাত দেখে স্বজনরা তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন।
ঘটনাটি জানার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং অভিযুক্ত মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্ত মতিবুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন। উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মো: এ কে নোমান, নওগাঁ
Comments: