ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা শরীফ ওসমান হাদির ঝালকাঠির গ্রামের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গুলির ঘটনার দিন রাতেই ফাঁকা বাড়িতে জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা।
ঢাকায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির ঝালকাঠির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
ওসি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার শেষে সতীর্থদের সঙ্গে ব্যাটারি রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করে খুলি খুলে রেখে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঢাকায় গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে চুরির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, চুরি ও গুলির ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
অনলাইন ডেস্ক
Comments: