০২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ
ধামইরহাটে সড়কে খড়ের স্তূপে ধাক্কা, ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

image

নওগাঁর ধামইরহাটে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকচাপায় আজিজার রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার পিতা নুরুজ্জামান (৬০)।

গতকাল সোমবার (১ জুন) আনুমানিক রাত ৯টার দিকে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের বিহারিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে করে পিতা-পুত্র নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিহারিনগর এলাকায় সড়কের ওপর খড় শুকানোর কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। এ অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে ধাক্কা দেয়। ধাক্কার ফলে দুজনই মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়েন আজিজার রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার পিতা নুরুজ্জামান।

দুর্ঘটনার খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং ধামইরহাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর খড় শুকানো এবং রাস্তার পাশে খড়ের স্তূপ ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










মো: এ কে নোমান

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading