ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নতুন বিতর্ক। ভাইরাল ভিডিওতে স্ত্রীদের তালাকের নির্দেশের অভিযোগ, সমালোচনার ঝড়।
কুমিল্লায় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া এক বক্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়—যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়েছেন, তাদের তালাক দেওয়ার নির্দেশ দেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে প্রায় ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে এমপিকে বলতে শোনা যায়, “যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।”
এর আগে মঙ্গলবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি অভিযোগ করেন, দলে কিছু ‘মোনাফিক’ রয়েছে যারা বিএনপি করলেও ভোট দিয়েছে দাঁড়িপাল্লায় এবং অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে।
ভিডিওতে আরও শোনা যায়, নির্বাচনের আগে যারা তার বিরোধিতা করেছে, তারাই পরে ঢাকায় গিয়ে তার সঙ্গে সেলফি তুলে নিজেদের অবস্থান ঢাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন।
ভিডিওর বিষয়ে মন্তব্য জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় ও রাজনৈতিক পর্যায়ে কী ধরনের প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অনলাইন ডেস্ক
Comments: