ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুদকের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মদ সালাম।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, এবং আরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সাবেক দায়িত্বশীল কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
২০২৪ সালের ১৩ জানুয়ারি, দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় প্রাথমিকভাবে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।
তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া চলতি বছরের ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার
সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার
অতিরিক্ত সচিব অলিউল্লাহ
সচিব কাজী ওয়াছি উদ্দিন
রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা
রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম
তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.),
সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম
সহকারী পরিচালক মাজহারুল ইসলাম
উপ-পরিচালক নায়েব আলী শরীফ
পরবর্তীতে যুক্ত হওয়া আসামি—সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
গত ৩১ জুলাই, তিনটি পৃথক মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন একই আদালত। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
পূর্বাচলের সরকারি জমি বরাদ্দ সংক্রান্ত এই উচ্চপ্রোফাইল মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ হওয়ার পর আদালতের রায় আগামী ১ ডিসেম্বর ঘোষিত হবে। রায় ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের আগ্রহও তুঙ্গে।
অনলাইন ডেস্ক
Comments: